হবিগঞ্জের বানিয়াচংয়ে মাত্র ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই কিশোরকে আটক করেছে পুলিশ। এ খবর শুনে মারা গেছেন শিশুটির অসুস্থ বাবা। শিশুটি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।

রোববার (৯ মার্চ) বিকেলে দক্ষিণ যাত্রাপাশা এলাকায় নিজের বাড়ির সামনে খেলছিল শিশুটি। এ সময় দুই কিশোর ১০ টাকার লোভ দেখিয়ে তাকে পাশের জঙ্গলে নিয়ে গিয়ে নির্মম নির্যাতন চালায়। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। শিশুর নানি বাদী হয়ে থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, রবিবার বিকেল ৩টার দিকে ওই দুই কিশোর শিশুটিকে ১০ টাকার নোট ধরিয়ে দিয়ে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে গেলে ওই দুই কিশোর পালিয়ে যায়।

পুলিশ দুই অভিযুক্ত কিশোরকে আটক করে গাজীপুরের টঙ্গী শিশু সংশোধনাগারে পাঠিয়েছে। শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে আশঙ্কাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়, যেখানে এখনো সে চিকিৎসাধীন।

এ ঘটনার খবর শুনে শিশুটির বাবা, যিনি আগে থেকেই অসুস্থ ছিলেন, প্রচণ্ড মানসিক ধাক্কা সামলাতে না পেরে সোমবার (১০ মার্চ) সকাল ১১টার দিকে মৃত্যুবরণ করেন।

শিশুর মামা জানান, শিশুর বাবা একজন কৃষক ছিলেন। তার বয়স ৪৫ বছর। ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের কারণে তার মৃত্যু হয়েছে।

বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাশ কুমার সিংহ বলেন, ‘গ্রেপ্তার দুই কিশোর পুলিশের জিজ্ঞাসাবাদে মেয়েটিকে ধর্ষণের কথা শিকার করেছে।

তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। শিশুর বাবার মৃত্যুর বিষয়টি স্থানীয়ভাবে শুনতে পেয়েছি।’

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *