নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট নয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—দোহালিয়া গ্রামের আজিজুর রহমান, সৎপুর গ্রামের মো. আব্দুল কাহির, কাঠালতলী গ্রামের আতাউর রহমান, ছোটলেখা দক্ষিণভাগের ইকবাল হোসেন, পূর্বদোহালিয়া গ্রামের আজিত আহমদ ও তাঁর স্ত্রী আয়রুন নেছা, একই এলাকার সুমন মিয়া, বিওছি কেছরীগুল (মধ্য ডিমাই) গ্রামের জুয়েল আহমদ ও জুবের আহমদ।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে আজিজুর রহমান মাদক মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত, মো. আব্দুল কাহির পাঁচ মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এবং আতাউর রহমান তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত। বাকি ছয়জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি।
বড়লেখা থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মঙ্গলবার রাতে অভিযানে তিনজন সাজাপ্রাপ্ত আসামি ও ছয়জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”
