সুপ্রভাত সিলেট প্রতিবেদক :
বিসিএস শিক্ষা ক্যাডারে লোকপ্রশাসন বিভাগকে স্বতন্ত্র বিভাগ হিসেবে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা।

রোববার (১৭ আগস্ট) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, লোকপ্রশাসন বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মতোই পাঠ্যক্রম ও একাডেমিক কাঠামো অনুসরণ করে। তবুও শিক্ষা ক্যাডারে শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হচ্ছে। এর ফলে লোকপ্রশাসনের শিক্ষার্থীরা বছরের পর বছর বৈষম্যের শিকার হচ্ছেন। এমনকি ইন্টারমিডিয়েট স্তরে ‘পৌরনীতি ও সুশাসন’ বিষয়টি লোকপ্রশাসনের অন্তর্ভুক্ত হলেও শিক্ষক নিয়োগ হয় রাষ্ট্রবিজ্ঞান কোড থেকে, যা সরাসরি বৈষম্য।

তারা আরও বলেন, সমাজবিজ্ঞান, ইতিহাস, সমাজকর্মসহ প্রায় সব সামাজিক বিজ্ঞান বিভাগ শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত থাকলেও লোকপ্রশাসনকে রাখা হয়নি। এটি একটি কাঠামোগত বৈষম্য।

এ সময় বক্তারা দ্রুততম সময়ে লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে স্বতন্ত্র সাবজেক্ট কোড-সহ অন্তর্ভুক্ত করার জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বিসিএস শিক্ষা ক্যাডার ও এনটিআরসিতে লোকপ্রশাসন শিক্ষার্থীদের জন্য সুনির্দিষ্ট সুযোগ তৈরির দাবিও জানান।

লোকপ্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেন, “রাষ্ট্রবিজ্ঞান ও লোকপ্রশাসন এক নয়। রাষ্ট্রবিজ্ঞান মূলত নীতিনির্ধারণের দিকে গুরুত্ব দেয়, আর লোকপ্রশাসন তার বাস্তবায়নে কাজ করে। বর্তমানে লোকপ্রশাসনের গুরুত্ব এতটাই বেড়েছে যে সরকারের মন্ত্রণালয়ের নামও পরিবর্তন করে ‘মিনিস্ট্রি অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন’ করা হয়েছে। কোনো প্রতিষ্ঠানের উন্নয়নে লোকপ্রশাসনের জ্ঞান অপরিহার্য।”

তিনি আরও বলেন, “লোকপ্রশাসন বিভাগকে শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্ত করতে হবে এবং কলেজ পর্যায়েও পাঠদান চালু করা উচিত। এতে শিক্ষার্থীদের কর্মক্ষেত্র প্রসারিত হবে, বেকারত্ব কমবে এবং লোকপ্রশাসন একটি স্বতন্ত্র বিষয় হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি লাভ করবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন প্রভাষক আব্দুল বাসিত সাদাফ, শিক্ষার্থী টিপু সুলতান, অবন্তিকা, খলিলুর রহমান সাদ ও আশরাফুল ইসলাম সাকিব প্রমুখ।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *