নিজস্ব প্রতিবেদক :
সীমান্তঘেঁষা জনপদ মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নে শিক্ষার এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। শিক্ষার্থীদের একাডেমিক সাফল্য ও ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে উদ্বোধন করা হয়েছে ‘আই-লার্নিং এডুকেশন’ নামের একটি কোচিং সেন্টার। দৃষ্টির সীমায় মিশে যাওয়া সবুজের মাঝে অবস্থিত শাহবাজপুর—যেখানে সুযোগের আলো অনেক সময়ই ঝাপসা থেকে যায়। সেই জায়গা থেকেই কয়েকজন তরুণ শিক্ষানুরাগীর আন্তরিক উদ্যোগে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠানটি। উদ্দেশ্য একটাই—সীমান্ত জনপদের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়া গুণগত শিক্ষার আলোকরশ্মি।
গত শনিবার (২৩ আগস্ট) শাহবাজপুর বাজারস্থ আব্দুল আলিম ম্যানশনের (৩য় তলায়) প্রতিষ্ঠানটির উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শিক্ষানুরাগী আকবর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আই-লার্নিং এডুকেশন –এর ম্যানেজিং ডিরেক্টর এনায়েত হোসেন খাঁন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আই-লার্নিং এডুকেশন –এর পরিচালক ও সিইও রুহেল আহমদ শাকিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন বড়লেখার সভাপতি অধ্যাপক আব্দুল মুহাইমিন, বড়লেখা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দীন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কয়সর আহমদ, শাহবাজপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালযয়ের সহকারী প্রধান শিক্ষক ময়নুল হক, বৈরাগিবাজার আইডিয়াল কলেজের প্রভাষক আতিকুল হক, শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো: আব্দুর রাজ্জাক, মৌলভীবাজার জজ কোর্টের আইনজীবী মো: আব্দুর রউফ, বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলীম মাদরাসার সহকারী শিক্ষক আবু সুফিয়ান ও ব্যবসায়ী এবং সমাজসেবক সফিকুল ইসলাম মিসবাহ প্রমুখ।
শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন- ফাহমিদা হক, তানিশা জান্নাত ও পুষ্পিতা দাস।
আই-লার্নিং এডুকেশন –এর পরিচালক ও সিইও রুহেল আহমদ শাকিল বলেন, বাইরে না গিয়ে, এখানেই যেন সেরা শিক্ষা পাওয়া যায়—এই বিশ্বাস থেকেই আমরা ‘আই-লার্নিং’ গড়েছি। আমাদের প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষার সকল বিষয়ে পড়ানো হবে। তাছাড়া আইইএলটিএস, গ্রাফিক্স ডিজাইন, স্পোকেন ইংলিশ, কম্পিউটার বেসিক প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে পড়ানো হবে। এজন্য আমরা সকল শিক্ষানুরাগী মানুষের সহযোগিতা চাই।
