এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবেই নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে দেখছে বাংলাদেশ দল। তবে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে খেলার ঝুঁকির কথাও স্বীকার করেছেন অধিনায়ক লিটন দাস।
বৃহস্পতিবার সিলেটে সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে কোনো ছোট দল নেই। আমরা সব সময় খেলতে নামি জেতার জন্য। তবে হেরে গেলে সমালোচনা আসতেই পারে, এটাও স্বাভাবিক।’
আগের পাঁচ দেখায় বাংলাদেশ চারবার জয় পেলেও উইকেটের কারণে প্রতিপক্ষকে হালকাভাবে নিতে নারাজ লিটন। তাঁর মতে, ভালো উইকেটে খেলার অভ্যাস নেদারল্যান্ডসকেও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে।
তিন বছর পর নুরুল হাসান ও দুই বছর পর সাইফ হাসান ফিরছেন জাতীয় দলে। এ ছাড়া নিয়মিত একাদশের বাইরের খেলোয়াড়দের পরীক্ষা করার সুযোগ হিসেবেও সিরিজকে কাজে লাগাতে পারে বাংলাদেশ। তবে লিটনের ভাষায়, ‘নতুন খেলোয়াড় দেখার সুযোগ থাকলে আমরা দেখব, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে লক্ষ্য সব সময় জয়।’
সিলেটে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প শেষে দল প্রথম ম্যাচ খেলবে আগামী ৩০ আগস্ট। লিটনের আশা, সিলেটের ব্যাটিং–সহায়ক উইকেটের অভিজ্ঞতা আবুধাবির কন্ডিশনে এশিয়া কাপে কাজে লাগবে।
