ধর্ম অবমাননার অভিযোগে ময়মনসিংহের ভালুকা উপজেলায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (রাত) উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকার ডুবালিয়াপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ভালুকা থানার ডিউটি অফিসার রিপন মিয়া জানান, নিহত যুবকের নাম দীপু চন্দ্র দাস। তিনি স্থানীয় একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন এবং ওই এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশের তথ্যমতে, নবীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে রাত আনুমানিক ৯টার দিকে একদল উত্তেজিত ব্যক্তি দীপু চন্দ্র দাসকে ধরে গণপিটুনি দেয়। পরে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, মৃত্যুর পর মরদেহ গাছের সঙ্গে বেঁধে আগুন দেওয়ার ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। পুলিশ জানিয়েছে, নিহতের স্বজনদের খোঁজ করা হচ্ছে। তারা মামলা করলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
