সিলেট নগরের শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পর্যবেক্ষক পরিচয়ে প্রবেশের চেষ্টাকালে তিন তরুণকে আটক করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী তাদের বাধা দিয়ে পুলিশের হাতে তুলে দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রাতের বেলায় তিন তরুণ কেন্দ্রের ভেতরে ঢোকার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদের বাধা দেন। খবর পেয়ে বিএনপি নেতা-কর্মীরাও দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ এসে ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক তরুণরা নিজেদের ‘পর্যবেক্ষক’ হিসেবে পরিচয় দিয়েছেন। তবে রাতের বেলায় কেন তারা কেন্দ্রে প্রবেশের চেষ্টা করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তারা প্রকৃতপক্ষে পর্যবেক্ষক কি না, অথবা পর্যবেক্ষক হলে আইন লঙ্ঘন করেছেন কি না—এসব বিষয় তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার হওয়ার খবর পাওয়া গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। সিলেট সবসময় সম্প্রীতির রাজনীতির জন্য পরিচিত। এখানে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হওয়া জরুরি, যাতে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারেন। এই ধরনের ঘটনা সেই পরিবেশকে প্রশ্নবিদ্ধ করে।”

তিনি আরও বলেন, “জামেয়া ভোটকেন্দ্রে রাতের বেলায় পর্যবেক্ষকরা কেন এসেছেন—তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। যদি তারা প্রকৃত পর্যবেক্ষক হয়, তাহলে ভোট চলাকালেই তাদের দায়িত্ব পালন করার কথা। রাতের বেলায় তাদের উপস্থিতি সন্দেহজনক। এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা কীভাবে তাদের ঢোকার অনুমতি দিলেন, সেটিও তদন্তের বিষয়।”

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একই রাতে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রেও অনিয়মের ঘটনা ঘটেছে। সেখানে প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে কেন্দ্রে ঢুকিয়েছেন এবং একাধিকবার কেন্দ্রের বাইরে আসা-যাওয়া করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *