ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী অভিযোগ করেছেন, তার বক্তব্যের মূল অংশ উপস্থাপন না করে আংশিক ও ভুলভাবে প্রচার করা হচ্ছে, যার ফলে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “একটি বিশেষ মহল পরিকল্পিতভাবে আমার বক্তব্য বিকৃত করে উপস্থাপন করছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে আমাকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।” এ বিষয়ে তিনি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী আরও বলেন, তার রাজনৈতিক অবস্থান এবং বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য প্রেক্ষাপট ছাড়া বা আংশিকভাবে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। তার মতে, ব্যক্তি ইমেজ ক্ষুণ্ণ করা এবং রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই ধরনের ‘প্রোপাগান্ডা’ চালানো হচ্ছে।
তিনি সিলেট-৪ আসনের মা-বোনদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, “কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে স্বাধীনভাবে, নির্ভয়ে ও নিরাপদে আপনারা ভোট প্রদান করবেন। আপনাদের একটি মহামূল্যবান ভোটই এই এলাকার সার্বিক উন্নয়নকে এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।”
এদিকে, আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার (ভোটের দিন) সকাল ৮টায় গোয়াইনঘাট উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের পূর্ব গুরুকচি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করবেন।
