হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে ঘুরতে গিয়ে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় মো. জসিম মিয়া (৩৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে নারী নির্যাতন ও ধর্ষণ মামলায় আদালতের নির্দেশে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি সোহেল রানা।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২৩ মার্চ বিকাল ৪টার দিকে ওই তরুণী তার পরিচিত এক আত্মীয়কে সঙ্গে নিয়ে মাধবপুর বাজার থেকে অটোরিকশায় করে সাতছড়ি ও সুরমা চা বাগানে বেড়াতে যান। সন্ধ্যা ৬টার দিকে তারা সুরমা চা বাগানের সামনে অটোরিকশা রেখে বাগানের ভেতরে প্রবেশ করেন।
এ সময় জসিম মিয়া ও শাহীন মিয়া নামে দুই ব্যক্তি ‘ডাকাত’ বলে ধাওয়া দিলে তরুণীর সঙ্গে থাকা যুবক পালিয়ে যান। পরে অভিযুক্তরা তরুণীকে বাগানের ভেতরে নির্জন স্থানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ ও মারধর করে। এ সময় তার কানে থাকা স্বর্ণের দুলও ছিনিয়ে নেওয়া হয়।
একপর্যায়ে তরুণী চিৎকার করলে আসামিরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করে। এদিকে তার সঙ্গে থাকা যুবক বিষয়টি পুলিশকে জানালে মাধবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভুক্তভোগীকে উদ্ধার করে এবং জসিম মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের দুল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং পলাতক শাহীন মিয়ার নাম প্রকাশ করেছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ভুক্তভোগীকে হবিগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
