হবিগঞ্জ শহর ও লাখাই উপজেলায় পৃথক দুটি দুর্ঘটনায় এক বৃদ্ধা ও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রবিবার দুপুরে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকার উমদা মিয়া ব্রিজ (খোয়াই ব্রিজ) থেকে পড়ে গীতা রাণী দেব (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়। তিনি বানিয়াচং উপজেলার আদমখানি মহল্লার মৃত রাজেশ চন্দ্র দেবের স্ত্রী।
হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, ওই নারী তার ভাইয়ের সঙ্গে চিকিৎসকের কাছে যাওয়ার জন্য হবিগঞ্জে এসেছিলেন। ফেরার পথে অসাবধানতাবশত ব্রিজ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
অন্যদিকে, লাখাই উপজেলায় গাছের ডাল পড়ে ফয়জল মিয়া (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপূর্ণী গ্রামের মৃত মিয়াজত আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে অবস্থানকালে হঠাৎ একটি গাছের ডাল ভেঙে তার মাথার ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
পৃথক এসব ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
