ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে হামলা, ভাঙচুর ও ধ্বংসের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত শনিবার বড়লেখা পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বড়লেখা উপজেলা শাখার সভাপতি বিধান চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, পৌর শাখার সদস্যসচিব উজ্জ্বল ঘোষ, উপজেলা শাখার সহসভাপতি স্বপন দে, সহসাধারণ সম্পাদক গৌতম গুপ্ত, কোষাধ্যক্ষ মুক্তালাল বিশ্বাস এবং সাংস্কৃতিক সম্পাদক তপন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা পৌর শাখার আহ্বায়ক সঞ্জিত দেবনাথ, সদস্য বিশ্বজিৎ দেব বিধানসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং ভ্রাতৃপ্রতিম বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং সরকারকে বিব্রত করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তারা ভগবান শ্রী রামচন্দ্রের প্রতিকৃতি অবমাননার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তাই ধর্মীয় অনুভূতিতে আঘাত, উপাসনালয়ে হামলা কিংবা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা দেশের সকল ধর্মাবলম্বীর শান্তিপূর্ণ সহাবস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
