বড়লেখায় ১১ জনকে ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ প্রদান, নিসচার মাসব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি
আহমেদ নোমান বড়লেখা থেকে : সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ধারবাহিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় জাহানারা কাঞ্চন স্মৃতি পদক-২০২৬ অর্জন করেছেন ১০ জন নিবেদিত সড়ক যোদ্ধা। পাশাপাশি দেশ-বিদেশে সামাজিক-মানবিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্পেন প্রবাসী ও সামাজিক সংগঠক রেমিট্যান্স যোদ্ধা মোঃ ময়নুল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করা হয়।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে অক্টোবর মাসব্যাপী কর্মসূচির সফল সমাপ্তি উপলক্ষে (৩১ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় স্থানীয় কার্যালয়ে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী পালিত কর্মসূচির মূল্যায়ন ও জনসচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধি, ধারবাহিক কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ১০ জন নিবেদিত সড়ক যোদ্ধাকে জাহানারা কাঞ্চন স্মৃতি পদক-২০২৬ ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় অনুষ্ঠানের প্রধান অতিথি রেমিট্যান্স যোদ্ধা মোঃ ময়নুল ইসলাম-কে সংবর্ধনা প্রদান করা হয়। তাছাড়া মিডিয়া বিভাগে বিশেষ অবদান রাখায় প্রচার সম্পাদক আফজাল হোসেন রুমেল ও কার্যনির্বাহী সদস্য এমরান আহমদকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
এদিকে পদকপ্রাপ্তরা তাদের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘যে সম্মান মানুষকে আরও বেশি মানুষের পাশে দাঁড়ানোর শক্তি দেয়, সেটিই সবচেয়ে বড় প্রাপ্তি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আসুন, আমরা সবাই মিলে এমন একটি বড়লেখা গড়ে তুলি, যেখানে নিরাপদ সড়ক হবে প্রতিটি মানুষের নিশ্চিত অধিকার এবং মানবিকতা হবে আমাদের সবচেয়ে বড় পরিচয়।’
