পশ্চিম ঘোলসা বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
আহমেদ বড়লেখা প্রতিনিধি : পবিত্র কোরআনের আলোয় আলোকিত সমাজ গঠন, ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং ইসলামের সুমহান আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে পশ্চিম ঘোলসা বায়তুল আমান জামে মসজিদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পশ্চিম ঘোলসা বায়তুল আমান জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত এ মাহফিলে বিভিন্ন এলাকা থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও কোরআনপ্রেমী মানুষের সমাগম ঘটে।
মাহফিলে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতের ব্যাখ্যা, তাফসীর এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা পেশ করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফিজুর রহমান, মুফতী রুহুল আমিন, মুফতী জামিল আহমদ জামালী, আবুল হাসান হাদী ও আহমদ আলী মোল্লা।
আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে পবিত্র কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নৈতিক চরিত্র গঠন, দ্বীনি শিক্ষা অর্জন, ইসলামী মূল্যবোধ অনুসরণ এবং পরকালীন জীবনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান।
মাহফিলটি ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে কোরআনের শিক্ষা ও ইসলামী চেতনা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা আয়োজকদের।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘটে।
