নিজস্ব প্রতিবেদক:

সিলেটের বিশ্বনাথে স্কুলছাত্র সুমেল (১৮) হত্যাকাণ্ডের এক মাস পূর্ণ হয়েছে আজ রবিবার (৩০ মে)। বহুল আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সাইফুল আলম ওরফে লন্ডনী সাইফুলকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনার পর পুলিশের চোখে ধুলো দিয়ে নদী সাঁতরে পালিয়ে যায় সে। পরে তাকে ধরিয়ে দিতে দু’দফা পুরস্কার ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

দীর্ঘ এক মাসেও প্রধান আসামিকে আইনের আওতায় আনতে না পারায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

গত ১ মে উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতননগর গ্রামে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষের সময় প্রকাশ্যে গুলি চালিয়ে স্থানীয় স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও মানিক মিয়ার ছেলে সুমেলকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল আলম একই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সাইফুল ভুয়া তথ্য দিয়ে তাদের বিভ্রান্ত করে। একপর্যায়ে পুলিশের সামনেই সে পালিয়ে যেতে সক্ষম হয়।

হত্যাকাণ্ডের পর থেকেই সাইফুল এবং তার বাহিনীর অস্ত্রধারী সদস্যদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও আন্দোলনে সরব হয়ে ওঠেন এলাকাবাসী। পরিস্থিতি পরিদর্শনে ঘটনাস্থলে যান সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপার। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলেও এক মাস পেরিয়ে গেলেও সাইফুল এখনও অধরা রয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, “প্রকাশ্যে একজন স্কুলছাত্রকে হত্যা করার পরও এক মাস ধরে প্রধান আসামি পলাতক থাকা অত্যন্ত হতাশাজনক। আমরা দ্রুত তার গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, “প্রধান অভিযুক্ত সাইফুল আলম ও তার সহযোগীদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *