ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর দেশের অভ্যন্তরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৩ ডিসেম্বর) বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর পরিচালক (অধিনায়ক) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ, জুড়ী, বড়লেখা, কুলাউড়া ও শ্রীমঙ্গল—এই পাঁচটি উপজেলার প্রায় ২৭১ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার পর এসব সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি একাধিক বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এছাড়া জেলার সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক বিশেষ চেকপোস্ট স্থাপন করে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। সীমান্ত এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণের সহায়তা কামনা করে সন্দেহভাজন ব্যক্তিদের ছবি প্রদর্শনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে, যাতে জড়িত দুষ্কৃতিকারীদের দ্রুত শনাক্ত ও আটক করা যায়।

৫২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, “সীমান্ত এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *