সিলেটের কোম্পানীগঞ্জে জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে নিহত হয়েছেন সৌদি প্রবাসী রুহেল আহমেদ এহিয়া (২৫)। নিহত এহিয়া উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।
সোমবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা গেছে, আট মাস আগে দেশে ফিরে বিয়ে করেন রুহেল, এরপর আবারও তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফিরে যাওয়ার কথা ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গ্রামে এক সালিশ বসে। সালিশ চলাকালে হঠাৎ বড় ভাই জাকারিয়া কাঁচি দিয়ে রুহেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন জানান, পারিবারিক বিরোধ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।
এদিকে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং থানায় একটি লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত জাকারিয়াকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।
এই নির্মম ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শান্তিপূর্ণ পারিবারিক পরিবেশে এমন হত্যাকাণ্ডে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।
