জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বর্তমান জাতীয় সংকটের জন্য বিএনপিই দায়ী এবং এ পরিস্থিতির পরিণতিও দলটিকে ভোগ করতে হবে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট (আইইডিবি) মিলনায়তনে ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক এক জাতীয় সেমিনারে স্বাগত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ১১ দলীয় ঐক্য এ সেমিনারের আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, দেশে বর্তমানে নানা ধরনের সংকট বিরাজ করছে। হাম রোগে শিশু মৃত্যুর ঘটনা, চিকিৎসা সংকট এবং আইসিইউ স্বল্পতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। পাশাপাশি জ্বালানি সংকটও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাষ্ট্র সংস্কারের যে দাবি তোলা হয়েছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি। বরং একই বিষয় নিয়ে আবারও আন্দোলনের প্রস্তুতি নিতে হচ্ছে। তার দাবি, এই পরিস্থিতির জন্য বিএনপির নীতিগত অবস্থানই দায়ী।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান এবং নতুন কাঠামো গঠনের দাবি ছিল আন্দোলনের মূল লক্ষ্য। সে অনুযায়ী সংস্কার ও সংবিধান পরিবর্তনের বিষয়ে ঐকমত্য হলেও পরবর্তীতে গণভোটের রায় অস্বীকার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি একদিকে জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও অন্যদিকে জুলাই আদেশকে অবৈধ বলছে, যা রাজনৈতিক দ্বিচারিতার উদাহরণ। তার মতে, এ ধরনের অবস্থান থেকেই বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
