ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদি রাজধানীর পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নেওয়া হলে পরে অপারেশন থিয়েটারে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওসমান হাদিকে হাসপাতালে আনা হয়েছে এবং চিকিৎসকরা তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত ব্যক্তিরা হঠাৎ করে তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলি তার চোয়ালের নিচের অংশে লাগে। এতে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণ হয়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।

ঘটনার পর হামলাকারীদের পরিচয় ও হামলার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ১৩ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে ওসমান হাদি হত্যার হুমকি পাওয়ার অভিযোগ করেন। তিনি দাবি করেন, বিদেশি নম্বর থেকে ফোনকল ও টেক্সট বার্তার মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল।

ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *