স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল, ২০২৬ পাস না হলে আবার দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে এবং পূর্বে বিনা ভোটে নির্বাচিত আওয়ামী লীগের মেয়র-কাউন্সিলরদের সাত দিনের মধ্যে দায়িত্বে ফিরিয়ে আনতে হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে বিলটি উপস্থাপনের পর এর বিরোধিতা করেন এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদ। তার বক্তব্যের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ পরিস্থিতির কারণেই বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রধান কারণ হলো—আইনটি এখনো পাস হয়নি, ফলে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না। এ ছাড়া অন্তর্বর্তীকালীন সময়েও বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগের নজির রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, অতীতে এমন পরিস্থিতিও তৈরি হয়েছিল যেখানে আদালতের নির্দেশনা উপেক্ষা করে ইশরাক হোসেন-কে মেয়র হিসেবে নির্বাচিত করা হলেও তাকে শপথ গ্রহণ করানো হয়নি।
মীর শাহে আলম বলেন, এই বিল পাস না হলে পুরনো বিতর্কিত ব্যক্তিরা আবার দায়িত্বে ফিরে আসতে পারেন। পাশাপাশি আইন অনুযায়ী ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক—যেমন ধানের শীষসহ অন্যান্য প্রতীক—ব্যবহার বন্ধ করার প্রস্তাবও রয়েছে। তাই বিলটি পাস না হলে পুনরায় দলীয় প্রতীকে নির্বাচনে ফিরে যেতে হবে।
বিরোধী দলের অভিযোগের জবাবে তিনি বলেন, বগুড়া ও শেরপুরের উপনির্বাচনে কারচুপির অভিযোগ বিকেল চারটার পর তোলা হয়েছে, যখন পরাজয় নিশ্চিত হয়ে যায়। এরপরই নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়।
তিনি বিরোধী দলকে নির্বাচন বয়কটের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে নির্বাচনে অংশগ্রহণ জরুরি।
