সিলেট, ২৫ জুলাই — দেশব্যাপী ঘোষিত ‘জুলাই কর্মসূচি’র অংশ হিসেবে সিলেটে বর্ণাঢ্য পদযাত্রা করেছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শুক্রবার বিকেল সাড়ে ৫টায় নগরীর চৌহাট্টা পয়েন্ট থেকে পদযাত্রা শুরু হয়। এতে অংশ নেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন এবং কেন্দ্রীয় কমিটির একাধিক শীর্ষ নেতা। সিলেটের বিভিন্ন উপজেলা থেকে আগত সহস্রাধিক নেতাকর্মীও এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
পদযাত্রা চলাকালে রাজপথ জুড়ে মুখরিত হয়ে ওঠে দৃপ্ত শ্লোগানে—
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা”, “দালালি না রাজপথ, রাজপথ রাজপথ”, “ক্ষমতা না জনতা, জনতা জনতা”।
পদযাত্রা শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, “এই আন্দোলন দেশের মালিকানা ফিরিয়ে আনার আন্দোলন। আমরা রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”
সমাবেশের আগে এনসিপির নেতারা সুনামগঞ্জ থেকে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে নির্মিত ‘শহীদ রুদ্র তোরণ’-এ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ১৯ জুলাই আন্দোলনে শহীদ রুদ্রের প্রতি এই শ্রদ্ধা নিবেদন ছিল প্রতীকী ও আবেগঘন এক মুহূর্ত।
এদিকে, শুক্রবার সকাল থেকেই চৌহাট্টা এলাকায় ভিড় জমাতে থাকেন সমাবেশে আগ্রহী হাজারো সমর্থক। নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মহানগর পুলিশ পুরো এলাকা ঘিরে নেয় কড়া নিরাপত্তা বেষ্টনীতে। বৃহস্পতিবার রাতেই পুলিশ কমিশনার নিজে মঞ্চ ও আশপাশ এলাকা পরিদর্শন করেন।
চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় তৈরি হয় মূল মঞ্চ, নগরজুড়ে নির্মাণ হয় তোড়ন। ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে যায় চারদিক— এক ধরনের উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় গোটা শহরে।
