হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওয়ারগাছ ইউনিয়নের আমতলী এলাকা থেকে একটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার করেছে বন বিভাগ। সোমবার (১৩ এপ্রিল) সকালে বন বিভাগের কর্মীরা বানরটি উদ্ধার করেন।
জানা যায়, পথ হারিয়ে বন থেকে লোকালয়ে ঢুকে পড়ে বানরটি। পরে স্থানীয়রা এটিকে আটক করে বন্যপ্রাণী সাতছড়ি রেঞ্জে খবর দেন। খবর পেয়ে সাতছড়ি বন বিভাগের কর্মী সুমন বিশ্বাস দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটি উদ্ধার করেন।
উদ্ধার করা বানরটির বয়স আনুমানিক ৬ থেকে ৭ মাস, অর্থাৎ এটি একটি বাচ্চা। লজ্জাবতী বানরের বৈজ্ঞানিক নাম Nycticebus bengalensis। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ (আইইউসিএন)-এর লাল তালিকায় এ প্রজাতিকে ‘বিপন্ন’ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বিলুপ্তির ঝুঁকি নির্দেশ করে।
নিশাচর এই প্রাণী সাধারণত চট্টগ্রাম ও সিলেট বিভাগের বনাঞ্চলে দেখা যায়। এটি মূলত পোকামাকড় ও গাছের কষ খেয়ে জীবনধারণ করে।
সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মেহেদী হাসান জানান, বাংলাদেশে লজ্জাবতী বানর খুবই বিরল। দেখতে আকর্ষণীয় এই প্রাণীটিকে প্রয়োজনীয় পরিচর্যার পর পুনরায় বনে অবমুক্ত করা হবে।
