সিলেট, ৪ আগস্ট ২০২৫:
স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এসএম জিলানী বলেছেন, “যারা নির্বাচনের ভয় পায়, তারা সংস্কারের নাম করে নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে চায়। তাদের লক্ষ্য সুগভীর ষড়যন্ত্র।” তিনি আরও বলেন, ২০২৩ সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা সংস্কারের প্রস্তাবনা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ মানবিক ও সাম্যের ভিত্তি রচনা করেছেন। এই সংস্কার প্রস্তাবনাগুলো এবং ধানের শীষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি বলেন, “যে কাজ দলের এবং দেশের উপকারে আসে, সেই কাজ করতেই হবে। আর নেতাকর্মীদের ব্যক্তিগত কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না।” তিনি সতর্ক করে দেন যে, ১৯৭১ ও ২০২৪ সালের পরাজিত শত্রুরা এখনো বিএনপি, জিয়া পরিবার ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শালীনতা বজায় রেখে প্রতিবাদ করতে হবে।

সোমবার দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারের একটি হলরুমে অনুষ্ঠিত সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।

সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী ও সদস্য সচিব আফছর খান। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

সাফল্য ও মূল্যায়নের আশ্বাস
ডা. জাহিদুল কবির বলেন, “যেখানে অন্যরা ব্যর্থ, সেখানে স্বেচ্ছাসেবক দল সাফল্য দেখিয়েছে। সিলেটে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দলের সাহসী ভূমিকা প্রশংসার যোগ্য।” তিনি আশাবাদ ব্যক্ত করেন, ভবিষ্যতেও এই দৃঢ়তা অব্যাহত থাকবে।

নেতাকর্মীদের জন্য সংসদীয় মূল্যায়নের দাবি
সভাপতির বক্তব্যে আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৫০টি আসনে স্বেচ্ছাসেবক দলের বর্তমান ও সাবেক নেতাকর্মীদের মূল্যায়ন করার আহ্বান জানান। এ বিষয়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি অনুরোধ জানান।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *