সিলেট ও মৌলভীবাজার, ২৫ জুলাই — জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট ও মৌলভীবাজারে পদযাত্রা ও পথসভা ঘিরে চাঙ্গা হয়ে উঠেছে রাজপথ। আগামীকাল শনিবার মৌলভীবাজারে দ্বিতীয় ধাপের কর্মসূচি পালনের কথা রয়েছে।

সিলেট নগরীতে চৌহাট্টা ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিতব্য পথসভায় কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কর্মসূচিকে ঘিরে প্রায় ১৫ হাজার নেতাকর্মীর জমায়েত প্রত্যাশা করা হচ্ছে। জনসমাগমের প্রেক্ষিতে শহরজুড়ে মোতায়েন রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো নাশকতা ঠেকাতে সাদা পোশাকসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

এনসিপির যুগ্ম সমন্বয়কারী আবু ছালেহ মো. নাছিম বলেন, “দেশ গড়তে এনসিপির পদযাত্রা হচ্ছে জনগণের প্রত্যাশার প্রতীক। আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে সিলেটে পৌঁছেছেন। দুপুর ২টার পর তারা পথসভায় বক্তব্য রাখবেন—তাদের হাত ধরেই এই দেশে গণঅভ্যুত্থানের সূচনা হয়েছে।”

এদিকে, মৌলভীবাজারে শনিবার সকাল ১১টায় শহরের বেরিরপাড় পয়েন্ট থেকে এনসিপির পদযাত্রা শুরু হবে। এতে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া প্রগতিশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

পথসভায় বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, এবং অন্যান্য কেন্দ্রীয় নেতা—সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারী, নাহিদা সারওয়ার নিভা, সামান্তা শারমিন, ও ডা. তাসনিম জারা।
এছাড়াও উপস্থিত থাকবেন ফ্যাসিস্ট আমলে কারানির্যাতিত এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশ এবং শ্রীমঙ্গল-কমলগঞ্জের গণমানুষের নেতৃবৃন্দ।

দুপুর ২টায় শ্রীমঙ্গলের চৌমোহনা চত্বরে জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন কেন্দ্রীয় নেতারা।

এনসিপি মৌলভীবাজার জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম জানান, কর্মসূচিকে সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করে বিষয়টি অবহিত করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *