ঢাকা বিমানবন্দর থেকে ওমানফেরত এক প্রবাসীকে নিয়ে ফেরার পথে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সাতজন যাত্রীর মৃত্যু হয়।

বুধবার (৬ আগস্ট) ভোরে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব জগদীশপুর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ফয়জুন নেসা (৮০), খুরশিদা বেগম (৫৫), কবিতা বেগম (৩০), লাবনী বেগম (৩০), রেশমি আক্তার (১০), মীম আক্তার (২) ও লামিয়া আক্তার (৯)। তাঁরা সবাই লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার হাজীরপাড়া ইউনিয়নের পশ্চিম চৌপালী এলাকার বাসিন্দা।

নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার শিকার মাইক্রোবাসটিতে ওমানফেরত এক প্রবাসী এবং তাঁর পরিবারের সদস্যরা ছিলেন। ভোরবেলা ঘুমে আচ্ছন্ন চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি খালে পড়ে যায়।

তিনি আরও জানান, গাড়িটিতে চালকসহ মোট ১১ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পর চালকসহ ৪ জন নিজে থেকেই বেরিয়ে আসতে সক্ষম হলেও পেছনের সিটে থাকা ৭ জন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের মরদেহ চন্দ্রগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবার যদি কোনো অভিযোগ করেন, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা বলছেন, চালকের অবহেলা ও দ্রুতগতিই এই প্রাণহানির অন্যতম কারণ। দুর্ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *