চুয়াডাঙ্গার জীবননগরে বিএনপির লোকজনের সঙ্গে সংঘর্ষে জামায়াত নেতার ভাই নিহত হয়েছেন। এ ছাড়াও এ সংঘর্ষের ঘটনায় এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে জামায়াত নেতা আইসিইউতে চিকিৎসাধীন।

নিহত ব্যক্তির নাম হাফিজুর রহমান (৪৫)। তিনি জীবননগর শহরে ঢাকা জুয়েলার্সের মালিক ছিলেন। তিনি উপজেলার বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের ভাই।

গতকাল শনিবার রাতে উপজেলার হাসাদহ বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।
নির্বাচনের পরের দিন ১৩ ফেব্রুয়ারি স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসানকে মারধরের ঘটনার জের ধরে এ ঘটনার সূত্রপাত বলে জানা যায়।

এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান, তাঁর ভাতিজা মাহফুজুর রহমান, জামায়াতের কর্মী খায়রুল ইসলাম, হাসাদহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান ও তাঁর বাবা জসিম উদ্দিন। তাঁরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এই খবরের সত্যতা নিশ্চিত করে পুলিশের দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ারুল কবীর বলেন, ‘এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে হাফিজুর রহমান হত্যার ঘটনার মামলায় তাঁদের আসামি করা হবে।’

স্থানীয় সুত্রে জানা যায়, গতকাল রাতে জামায়াত নেতার ভাতিজা মাহফুজুর রহমান হাসাদহ বাজার দিয়ে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক দলের নেতা মেহেদী হাসান ও তাঁর লোকজন ১৩ ফেব্রুয়ারির ঘটনার জেরে তাঁকে মারধর করেন। খবর পেয়ে জামায়াত নেতা মফিজুর রহমান ও তাঁর ভাই হাফিজুর রহমান লোকজনকে সঙ্গে নিয়ে হাসাদহ বাজারে গেলে তর্ক–বিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আহত জামায়াত নেতা মফিজুর ও তাঁর ভাই হাফিজুরকে মুমূর্ষু অবস্থায় যশোরের ৫০০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাতেই ঢাকায় নেওয়ার পথে দিবাগত রাত আড়াইটার দিকে হাফিজুর রহমান মারা যান। মফিজুর ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন।

এ ঘটনায় গতকাল রাতে এলাকায় চরম উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।

জেলা জামায়াতের দপ্তর সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার বলেন, ‘নিহত ব্যক্তির মরদেহ আজ রোববার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে আনা হয়েছে। সেখানে ময়নাতদন্তের পর নিজ এলাকায় লাশ দাফন করা হবে।’

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *