বন্ধুর তথ্য না দেওয়ায় আবুল হাসান (২২) নামের এক যুবককে কুপিয়ে জখম করে মাদক সিন্ডিকেটের গ্যাং-এর সদস্যরা। এতে গুরুতর আহত হন ওই যুবক। গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি ২০২৪) সিলেট জেলার হেতিমগঞ্জ এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। সন্ত্রাসী হামলায় আহত এ যুবক ৯দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি ২০২৪) চলে গেছেন না ফেরার দেশে।

নিহত আবুল হাসানের বাড়ি সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরে। তিনি পরিবারসহ দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে ও অনুসন্ধানে জানা গেছে, হামলায় নিহত আবুল হাসান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ জাহেদুল ইসলাম ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এই চার বন্ধুর মধ্যে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কাউন্সিলর তকবীর ইসলাম পিন্টু গ্রুপের মাদক সিন্ডিকেটে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান তার প্রতিবেশী বন্ধু মোঃ জাহেদুল ইসলামকে তাদের মাদক ব্যবসার সিন্ডিকেটে যুক্ত হওয়ার জন্য বলেন। কিন্তু এতে রাজী হয়নি মোঃ জাহেদুল ইসলাম। মোঃ জাহেদুল ইসলাম বিষটি তার অপর দুই বন্ধু হামলায় নিহত আবুল হাসান, মোঃ রাকিবুল ইসলামকে জানালে তারাও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসানকে এড়িয়ে চলা শুরু করেন। এতে ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান ক্ষিপ্ত হয় মোঃ জাহেদুল ইসলাম এর উপর। এর জের ধরে অনেকবার ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল হাসান গ্রুপের লোকজনের হাতে মারধরের শিকার হন মোঃ জাহেদুল। গত ২৫ জানুয়ারি মোঃ রাকিবুল ইসলাম ও তার বন্ধু আবুল হাসান সিলেটের হেতিমগঞ্জ এলাকায় একটা অনুষ্ঠানে যাচ্ছিলেন। রাস্তায় কাউন্সিলর পিন্টু ও আব্দুল্লাহ আল হাসেনের লোকজন তাদের পথরোধ করে। এসময় তারা আবুল হাসানের কাছে তাদের বন্ধু মোঃ জাহেদুল সম্পর্কে জানতে চায়। তখন আবুল হাসান তাদের কাছে মোঃ জাহেদুলের অবস্থান জানাতে অপরাগতা প্রকাশ করেন। এ নিয়ে পিন্টু ও আব্দুল্লাহ আল হাসানের সাথে আবুল হাসানের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে পিন্টুর লোকজন আবুল হাসানকে উপর্যুপরি শীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত এবং মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত আবুল হাসান। ঘটনার সময় আবুল হাসানের সাথে থাকা তার বন্ধু মোঃ রাকিবুল ইসলাম কৌশলে পালিয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাসানকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ ২ ফেব্রুয়ারি ২০২৪ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল হাসান মৃত্যুবরণ করেন।

দক্ষিণ সুরমা থানার ওসি হারুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সুপ্রভাত সিলেটকে বলেন, নিহত আবুল হাসানের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো থানায় কেউ হত্যা মামলা দায়ের করেনি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *