প্রতিবেদন (নিজস্ব প্রতিবেদক)

সিলেটের বিভিন্ন এলাকায় পাথর লুট নিয়ে ব্যাপক সমালোচনার পর কঠোর অভিযান চালাচ্ছে প্রশাসন। এরই অংশ হিসেবে এবার ধানক্ষেত থেকেও বিপুল পরিমাণ সাদাপাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৮ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিলেট সদর উপজেলার ছালিয়ায় পরিচালিত অভিযানে প্রায় ৫ হাজার ১০০ ঘনফুট সাদাপাথর উদ্ধার করা হয়। এসময় সংশ্লিষ্ট একজনকে আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

অভিযানের নেতৃত্ব দেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোশনুর রুবাইয়াৎ। অভিযানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত পাথরগুলো টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া ও ছালিয়া গ্রামের বিভিন্ন ধানক্ষেত, বাড়ির আঙিনা ও পথের ধারে লুকিয়ে রাখা হয়েছিল। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উদ্ধারকৃত পাথরগুলো যথাস্থানে প্রতিস্থাপনের প্রক্রিয়া চলছে।

এয়ারপোর্ট থানার ডিউটি অফিসার আব্দুল বাসেত সরকার বলেন, “আটক ব্যক্তির বিস্তারিত পরিচয় সংগ্রহ করা হচ্ছে। পাওয়া মাত্রই জানানো হবে।”

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *