সিলেট জেলায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম। বুধবার জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসকের আদেশে বলা হয়, সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী উপজেলা ও পর্যটন এলাকায় অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাচার চলছে। এতে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। তাই এসব কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ডিসি সারওয়ার আলম জানান, আদালতের নিষেধাজ্ঞা ও ইজারা প্রদান বন্ধ থাকা সত্ত্বেও কিছু অসাধু ব্যক্তি অবৈধভাবে পাথর উত্তোলন করছে। তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই নতুন করে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়, নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এ আদেশ সরকারি আদেশ হিসেবে কার্যকর থাকবে।
এর আগে গত শনিবার ভোলাগঞ্জ থেকে লুট হওয়া সাদাপাথর ফেরত দেওয়ার জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন নবাগত জেলা প্রশাসক। মঙ্গলবার সন্ধ্যায় সেই সময়সীমা শেষ হয়।
