নিজস্ব প্রতিবেদক
সিলেটে এক মাদ্রাসা শিক্ষককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহতের নাম মাওলানা জুবায়ের আহমেদ (৪৫)। বুধবার সকালে নগরের আখালিয়ার বড়গুল এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। পুলিশ জানায়, হত্যার অভিযোগে নিহতের শ্যালকপুত্র নয়ন আহমদকে আটক করা হয়েছে।
নিহত মাওলানা জুবায়ের আহমেদ বড়গুল গ্রামের মৃত মদরিছ আলীর ছেলে এবং ডলিয়া এলাকার ডা. তানজিনা আহমদ দাখিল মাদ্রাসার সুপার ছিলেন।
নিহতের ছেলে জানান, মঙ্গলবার রাতে তার ছোট ভাই পড়াশোনা করছিল। এসময় নয়ন এসে ডাকলে বাবা তাকে ধমক দেন। তখন নয়ন বাবার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। বুধবার সকাল ৯টার দিকে মাদ্রাসায় যাওয়ার সময় নয়ন পেছন থেকে এসে বাবাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। নিহতের শরীরে ১৯টি সেলাই দেওয়ার মতো গভীর ক্ষত ছিল।
তিনি আরও বলেন, ‘আমার বাবার আয়েই আমাদের সংসার চলতো। এখন আমরা কীভাবে চলবো জানি না।’ তিনি অভিযোগ করেন, নয়ন শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত এবং এলাকায় বখাটে হিসেবে পরিচিত। তবে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশ নিশ্চিত করেনি।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ জানান, নয়নের চরিত্র ভালো না হওয়ায় কিছুদিন আগে মাওলানা জুবায়ের তার ছেলেকে নয়নের সঙ্গে মিশতে নিষেধ করেছিলেন। বুধবার সকালে প্রথমে নয়ন মাওলানা জুবায়েরের গায়ে ময়লা পানি নিক্ষেপ করে কাপড় নোংরা করে দেয়। পরে মাদ্রাসার পথে পেছন থেকে এসে তাকে ছুরিকাঘাতে হত্যা করে।
পুলিশ বলছে, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আটক নয়নকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
