সিলেট-৬ আসনে বিএনপি প্রার্থী জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিনের মধ্যে লড়াই ক্রমেই তীব্র আকার ধারণ করেছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে, এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

তবে বড় দুই দলের এই দুই প্রার্থীর পাশাপাশি নীরবে শক্ত অবস্থান তৈরি করে এগিয়ে চলেছেন হেলিকপ্টার প্রতীকের স্বতন্ত্র প্রার্থী হাফেজ মাওলানা ফখরুল ইসলাম। শেষ মুহূর্তে তিনি বড় চমক দেখাতে পারেন—এমন সম্ভাবনার কথাও বলছেন অনেক ভোটার।

সিলেট-৬ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিজয়ের ইতিহাস রয়েছে। আলোচিত রাজনীতিক সৈয়দ মকবুল হোসেন ‘লেচু মিয়া’ স্বতন্ত্র প্রার্থী হিসেবেই এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন, যা স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত।

বিএনপির এমরান ও জামায়াতের সেলিমের পারস্পরিক রাজনৈতিক দ্বন্দ্ব ও অভিযোগের রাজনীতির বাইরে থেকে ফখরুল ইসলাম নীরবে কিন্তু ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারে নামেন তিনি। ইতোমধ্যে নির্বাচনী এলাকায় তাঁর পক্ষে সাধারণ মানুষের সমর্থন দৃশ্যমানভাবে শক্তিশালী হয়ে উঠেছে।

ভোটের মাঠে আওয়ামী লীগের অনুপস্থিতি এবং বিএনপির অভ্যন্তরীণ অনৈক্যের রাজনৈতিক সুবিধাও স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম পেতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থানীয়দের ভাষায়, “ঘরের ছেলে এমপি হলে এলাকারই লাভ।” এ কারণেই অনেকেই ফখরুল ইসলামকে সমর্থন দিচ্ছেন। ক্লিন ইমেজের এই তরুণ প্রার্থী ইতোমধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। গত এক সপ্তাহ ধরে অন্যান্য আলোচিত প্রার্থীদের ছাপিয়ে তাঁর হেলিকপ্টার প্রতীক যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের এক বছর আগেই বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ উপজেলার মানুষের কাছে পরিচিত হয়ে ওঠেন মাওলানা ফখরুল ইসলাম। গত রমজান মাসে দুই উপজেলার ১১টি স্থানে প্রতিদিন একসঙ্গে প্রায় তিন হাজার ইফতার প্যাকেট বিতরণ এবং দরিদ্র পরিবারের মধ্যে পাঁচ টাকায় এক হাজার টাকার খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছিল।

এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার ছয় মাস আগ থেকেই তিনি দুই উপজেলার প্রান্তিক জনপদের প্রায় অর্ধশত কাঁচা সড়কে শত শত ট্রাক ইট, বালু ও সুরকি সরবরাহ করে সংস্কার ও মেরামতের উদ্যোগ নেন, যা স্থানীয়দের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

এই তরুণ প্রার্থীর সক্রিয়তা ও জনপ্রিয়তায় রাজনীতির মাঠের পরীক্ষিত দুই প্রতিদ্বন্দ্বী—বিএনপির এমরান আহমদ চৌধুরী ও জামায়াতের সেলিম উদ্দিন—উভয়েই চাপে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচিত হলে এটি হবে তৃতীয়বারের মতো কোনো স্বতন্ত্র প্রার্থীর বিজয়। এর আগে ১৯৮৬ ও ২০২১ সালে সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছিলেন। এ আসনে জামায়াতে ইসলামী এখনো কোনো নির্বাচনে জয় পায়নি। বিএনপির একমাত্র জয় এসেছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে।

গত ২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণার শুরুতে রাজনৈতিক জটিলতার মুখে পড়েন ফখরুল ইসলাম। জমিয়তে উলামায়ে ইসলাম বিএনপির সঙ্গে জোটভুক্ত হওয়ায় তিনি দলীয় মনোনয়ন পাননি। পরে সমর্থকদের চাপে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলে প্রাথমিক যাচাইয়ে তাঁর প্রার্থিতা বাতিল হয়, যা নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

নির্বাচনী মাঠে প্রধান দুই দলের প্রার্থীর সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থী মাওলানা মো. ফখরুল ইসলাম। নির্বাচনে তাঁর বিজয়ের বাস্তব সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন অনেকেই।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে মাওলানা ফখরুল ইসলাম বলেন, নির্বাচিত হলে উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প এলাকায় নিজ উদ্যোগে ডিজিটাল বোর্ড স্থাপন করে জনগণের সামনে প্রকল্পের পূর্ণ তথ্য তুলে ধরা হবে। তিনি আরও বলেন, “নিজেকে পরিবর্তন করলে দেশ পরিবর্তন হবে।” নির্বাচিত হলে এমপি হিসেবে প্রাপ্ত ভাতা দুই উপজেলার দরিদ্র মানুষের মধ্যে বণ্টন করবেন, সরকারি ব্যয় কমাতে সরকারি পরিবহন ব্যবহার থেকে বিরত থাকবেন এবং রাষ্ট্রীয় সম্পদের স্বচ্ছ ব্যবহারে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *