ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সিলেট নগরীতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিলেট মহানগর পুলিশ অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১০ জনকে আটক করেছে।

গতকাল সোমবার (৭ এপ্রিল) দিবাগত গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করে পুলিশ। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ভাটি পাড়া এলাকার মো. রাজা মিয়ার ছেলে মো. রাজন, একই জেলার হাছানগর এলাকার বাসিন্দা (বর্তমানে সিলেট নগরীর কাজীটুলার) আরব আলীর ছেলে ইমন এবং কাজীটুলার দ্বীন ইসলামের ছেলে মো. রাকিব। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি জিয়াউল হক জানান, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও হত্যাযজ্ঞের প্রতিবাদে দেশব্যাপী ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষোভ করেছেন। সিলেটেও এ কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ ও মিছিল হয়। তবে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি এই সুযোগে কেএফসি, বাটা, ইউনিমার্টসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট চালায়।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ১০ জনকে আটক করা হয়েছে। এছাড়া সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *