সিলেটের গোয়াইনঘাট উপজেলার একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি রিয়াজ উদ্দিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে শাহপরান থানার খাদিমপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
রিয়াজ উদ্দিন উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে। তিনি চাঁদাবাজি ও মারামারিসহ মোট আটটি মামলার আসামি।
র্যাব জানায়, খাদিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে রাত ১টার দিকে গোয়াইনঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথি অনুযায়ী, বালু মহাল থেকে বালুবাহী নৌকা আটকিয়ে চাঁদা আদায়ের অভিযোগে করা মামলার অন্যতম আসামি তিনি। ওই ঘটনায় প্রায় দুই শতাধিক বাল্কহেড শ্রমিকসহ আটকে রাখা হয়েছিল। গত ৬ জুলাই উপজেলা প্রশাসনের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে জিম্মি হওয়া নৌকাগুলো উদ্ধার করা হয় এবং ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এছাড়া বালু উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাসহ একাধিক মামলায় রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা জারি ছিল।
গোয়াইনঘাট থানার তদন্তকারী কর্মকর্তা মো. কবির হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে রিয়াজ উদ্দিনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
