মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় ছবি তুলতে গিয়ে ভুলবশত ভারত সীমান্তে প্রবেশ করে দুই বাংলাদেশি কিশোর। ঘটনাটি ঘটে শনিবার (২ আগস্ট) বিকেলে। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে রাতে তাদের ফেরত পাঠায় বিএসএফ।
আটক হওয়া কিশোররা হলো—কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের বাসিন্দা সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) এবং রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।
বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, শনিবার বিকেলে সুবর্ণ ও প্রসেনজিৎ মোটরসাইকেলে করে আলীনগর সীমান্তে ঘুরতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা ১,৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাসহর জেলার ভেতরে ঢুকে পড়ে। তারা সেখানে মোবাইলে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহল দলের নজরে পড়ে যায় এবং তাদের আটক করে বিএসএফ ক্যাম্পে নিয়ে যায়।
স্বজনরা খবর পেয়ে বিষয়টি দ্রুত বিজিবিকে জানান। বিজিবি ভারতের ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের সঙ্গে যোগাযোগ করে তাদের ফেরত চায়। রাত পৌনে ১১টার দিকে চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
জাকারিয়া জানান, কিশোররা বিজিবিকে জানিয়েছে, তারা ভুলবশত সীমান্ত পার হয়ে ভারতে ঢুকে পড়ে। বিএসএফ তাদের কোনো মারধর বা নির্যাতন করেনি। পরে তাদের কুলাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, দুই কিশোরের বিরুদ্ধে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে মৌলভীবাজার আদালতে পাঠানো হবে।
