বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, সাবেক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘আমার সিনিয়র ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্যার ইবনে সিনা হাসপাতালে গতকাল বিকেল ৪টা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন।’
জানাজা সম্পর্কেও শিশির মনির জানান, রোববার রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং সোমবার সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা হবে।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেন এবং পরবর্তীতে ‘আমার বাংলাদেশ’ (এবি) নামের নতুন রাজনৈতিক দলে প্রধান উপদেষ্টা হিসেবে যুক্ত হন। ২০২০ সালে তাঁর প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। শোকবার্তায় তিনি বলেন, ব্যারিস্টার রাজ্জাক সততা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের প্রশ্নে ছিলেন আপসহীন। ইসলামী আন্দোলনে তাঁর আইনি অবদান জামায়াতে ইসলামী কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।
