গত কয়েক দিনের টানা বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে বন্যার ঝুঁকিতে পড়েছে মৌলভীবাজারের বড়লেখা। শনিবার ভোররাত থেকে টানা বৃষ্টি আর ভারত হতে আসা ঢলে বড়লেখা-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের বড়লেখা উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক তলিয়ে গেছে। এতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড় মৌলভীবাজার পল্লী বিদুৎ সমিতির বড়লেখা সাব স্টেশন- এ কোমর সমান পানি উঠে পড়ায় বিদুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন প্রায় ৮০ হাজার গ্রাহক। শনিবার (৩১ মে) রাত ৮টায় এ সংবাদ লেখা পর্যন্ত একটানা বৃষ্টি হচ্ছিল। সরেজমিনে দেখা গেছে, বড়লেখা পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।
