ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে—এমন দাবি না করলেও দেশের স্বার্থে নির্বাচনের ফল মেনে নেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা গ্রামে নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা আমরা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি, যাতে দেশ অচল না হয়।”

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, “আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় বছর হয়েছে। সারা দেশের মানুষ জুলাই যোদ্ধা। এ মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক।”

সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে সরকার দলীয় প্রশাসক নিয়োগের সমালোচনা করে তিনি বলেন, “এখন তো নির্বাচিত সরকার, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশ ফিরে এসেছে। তাহলে কেন বিভিন্ন জায়গায় প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে? এখন নির্বাচন দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “নিয়োগপ্রাপ্ত প্রশাসকদের জনগণের কাছে কোনো দায়বদ্ধতা থাকে না। আমরা চাই জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত হোক।”

এ সময় তিনি অনতিবিলম্বে সকল স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানান।

সংসদ নির্বাচনের পর নিজ এলাকায় তার এই সফর ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শত শত কর্মী-সমর্থক মুমিনছড়া চা বাগান এলাকায় জড়ো হয়ে তাকে বরণ করে নেন এবং মিছিল সহকারে তার বাড়িতে নিয়ে যান।

পরে তিনি সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *