নিজস্ব প্রতিবেদক

বড়লেখায় দুই যুবককে ভারতে পাচারের অভিযোগে থানায় দায়েরকৃত মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে (৪০) শনিবার রাতে উপজেলার ডিমাই বাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

পরে র‌্যাব-৯ তাকে বড়লেখা থানায় সোপর্দ করে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। শরফ উদ্দিন নবাব কেছরিগুল গ্রামের সজ্জাদ আলীর ছেলে।

জানা গেছে, গ্রেফতার আসামি শরফ উদ্দিন নবাব ও তার সহযোগিরা উপজেলার ডিমাই গ্রামের আব্দুল কাদির ও গিয়াস উদ্দিনকে ৫ এপ্রিল ভারতে পাচার করে সেখানে হাত-পা বেঁধে নির্যাতন করে ভিডিও ধারণ করে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল কাদিরের মা নেছা বেগম ৭ এপ্রিল ১০ জনের নাম উল্লেখ করে মানবপাচার আইনে থানায় মামলা করেন। এই মামলার আসামি আব্দুল মালিক ও রুবেল আহমদকে গ্রেফতার করে পুলিশ কারাগারে পাঠায়। মামলার আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে অবশেষে শনিবার রাতে ওই মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে উপজেলার ডিমাইবাজার থেকে গ্রেফতার করেছে।

সিলেট র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, মানবপাচার মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে বড়লেখা থানায় হস্তান্তর করেন। অন্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

বড়লেখা থানার ওসি মো. আবুল কাশেম সরকার জানান, মানবপাচার আইনে এক নারীর দায়ের করা মামলার প্রধান আসামি সাবেক ইউপি সদস্য শরফ উদ্দিন নবাবকে র‌্যাব-৯ গ্রেফতার করে থানায় সোপর্দ করে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *