বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান অবস্থাকে ‘সার্কাস’ বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক মারকুটে ব্যাটার আফতাব আহমেদ।

আমিনুল ইসলাম বুলবুলের কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালকে অ্যাডহক কমিটির সভাপতি করার পর দেশের ক্রিকেটে চলমান অস্থিরতা নিয়েই ক্ষোভ প্রকাশ করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই সাবেক ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিসিবির পরিস্থিতির কঠোর সমালোচনা করেন।

আফতাব বলেন, “বিসিবিতে যে পরিমাণ সার্কাস চলছে, ২ হাজার টাকা দিয়ে টিকিট কিনলেও সেই টাকা উসুল হয়ে যাবে। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।”

তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাসরত আফতাব সেখানকার ক্রিকেট কাঠামোর সঙ্গে বাংলাদেশের তুলনা করে আক্ষেপ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে নিয়মিত ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকলেও বোর্ড বা তার কর্মকর্তাদের নিয়ে কোনো আলোচনা বা বিতর্ক নেই।

তার ভাষায়, “আমি জানিই না আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায়, কারা পরিচালনা করছে। কিন্তু বাংলাদেশে অবস্থা পুরো উল্টো।”

বাংলাদেশের ক্রিকেট ঘিরে অতিরিক্ত আলোচনা ও প্রচারণারও সমালোচনা করেন তিনি। আফতাব বলেন, “বাংলাদেশে কেউ কিছু না জানলেও মিডিয়া সব জানিয়ে দেয়। এই সার্কাস আর কতদিন চলবে জানি না।”

ক্রিকেটের মানোন্নয়নের চেয়ে মাঠের বাইরের বিতর্ক বেশি গুরুত্ব পাচ্ছে—এমন বাস্তবতায় গভীর হতাশা প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটার।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *