মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় পারিবারিক বিরোধের জেরে এক মর্মান্তিক ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং তার আরেক ছেলে গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আকল মিয়া (৮৮) একই এলাকার বাসিন্দা। আহত হয়েছেন তার ছেলে শহিদুর মিয়া (৪৫), যাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীমঙ্গল থানার ওসি জহিরুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে আকল মিয়ার সঙ্গে তার ছোট ছেলে মুশফিকুর রহমান মশিক (৪০)-এর বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। একপর্যায়ে মশিক তার বাবাকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। এসময় বড় ভাই শহিদুর এগিয়ে এলে তাকেও আঘাত করা হয়।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন। শহিদুর মিয়ার অবস্থার অবনতি হলে তাকে সিলেটে স্থানান্তর করা হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন ঘণ্টার মধ্যে অভিযুক্ত মশিককে কালাপুর পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
