বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “বাংলাদেশ আমাদের সবার, তাই আমরা এই দেশে সম্মান ও শান্তির সঙ্গে বসবাস করতে চাই। বিগত সাড়ে ১৫ বছর আমাদের ওপর নানা রকম নিপীড়ন ও নির্যাতন চালানো হয়েছে, যার অবসান ঘটেছে ৫ আগস্ট। ওই রাতেই আমি দলের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছি।”
তিনি বলেন, যদি দেশে নিরাপত্তা নিশ্চিত থাকে, তবে প্রত্যেক ধর্মের অনুসারী নির্ভয়ে ও মানসিক প্রশান্তির সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে, যা সবার ন্যায্য অধিকার—এটি কারও অনুগ্রহ নয়। তিনি আরও বলেন, “যতদিন না দেশে সেই পরিবেশ ফিরে আসে, ততদিন আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রয়োজনে পাশে থাকবো।”
মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভা হলরুমে উপজেলা জামায়াত আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংযোগ পক্ষ উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল মুনতাজিম এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমির মো. ফখরুল ইসলাম এবং সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
