সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বহুল আলোচিত ভোলাগঞ্জ সাদাপাথর ও বাংকার এলাকা থেকে রাষ্ট্রীয় সম্পদ লুটপাটে জড়িত থাকার অভিযোগে ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. দুলাল মিয়া দুলাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ১৪ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. নূরে আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, সাদাপাথর ও বাংকার এলাকার রাষ্ট্রীয় সম্পদ লুটের অভিযোগে তদন্তে তার সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় এবং প্রশাসনিক স্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে।

তিনবারের নির্বাচিত এই ইউপি সদস্যের বিরুদ্ধে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও সচেতন মহলের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠে আসছিল। বিষয়টি তদন্ত করে সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ার পর জেলা প্রশাসকের সুপারিশে মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

একইসাথে, বরখাস্তের আদেশের পাশাপাশি আরেকটি প্রজ্ঞাপনে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে, কেন তাকে স্থায়ীভাবে পদ থেকে অপসারণ করা হবে না।

এ বিষয়ে সাংবাদিকরা মো. দুলাল মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “এটা এখনো প্রমাণিত হয়নি। ইউএনও ব্যক্তিগতভাবে এই চিঠি দিয়েছেন।” যখন জানানো হয় এটি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, তখন তিনি বলেন, “আপনারা এটা পত্রিকায় দিয়েন না ভাই, পরে যোগাযোগ করমু।” পরে আরেক ব্যক্তির মাধ্যমে তিনি জানান, “আমি এই ঘটনার সাথে জড়িত না, আমি এসব জায়গায় যাইও না।”

তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুন্নাহার জানান, “সাদাপাথর ও বাংকার লুটপাটের ঘটনায় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে। বিভিন্ন সাংবাদিকও ইতোমধ্যে এ বিষয়ে রিপোর্ট করেছেন। তথ্য-প্রমাণের ভিত্তিতেই মন্ত্রণালয় এই পদক্ষেপ নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমার কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নেই। যদি তার বিরুদ্ধে অভিযোগ মিথ্যা প্রমাণ হয়, তাহলে তিনি আইনগতভাবে ব্যবস্থা নিতে পারেন।”

এই ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই বরখাস্তকে দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, পুরো বিষয়টি আরও স্বচ্ছভাবে তদন্ত হওয়া উচিত।

 

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *