সিলেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ইফতার মাহফিলে হট্টগোল হয়েছে।

শনিবার নগরীর আরামবাগে জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে এ ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকরা এ ঘটনার ভিডিওচিত্র ধারণ করতে চাইলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এনসিপির কিছু নেতাকর্মী। এতে অনেক সাংবাদিক ইফতার না করেই বেরিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের ঠিক সাত-আট মিনিট আগে মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। এমন সময় মঞ্চের সামনে আসন রাখা ও বক্তৃতা দেওয়াকে কেন্দ্র করে তরুণ নেতৃত্বে গড়া দলটির নেতাকর্মীরা বিতর্কে জড়ান। একপর্যায়ে তারা হাতাহাতি শুরু করেন। এ সময় ভিডিওচিত্র ধারণের চেষ্টা করলে গণমাধ্যমকর্মীদের ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

সিলেট অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুর রহমান তালুকদার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ক্যান্টনমেন্ট নিয়ে করা বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আসা উচিত হয়নি বলে মন্তব্য করেন। সেই সঙ্গে তিনি এটিকে ‘শিষ্টাচারবহির্ভূত’ বলেও বর্ণনা করেন।

আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানো কাজ যে করবে, তাদের শক্ত হাতে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করব। আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের আন্দোলন চলমান থাকবে।

ইফতার মাহফিলে এনসিপির কেন্দ্রীয় নেতারা, জুলাই গণঅভ্যুত্থান আহত ও শহীদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *