সিলেট: নগরের মাছিমপুর এলাকা থেকে হৃদয় মিয়া ওরফে পিচ্চি হৃদয় (২১) নামে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে চিহ্নিত ছিনতাইকারী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার মহানগর পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, জেলরোড এলাকায় হামলার ঘটনায় একজন আহত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীর পরিচয় শনাক্ত করে। পরে মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি, ডাকাতি ও মারামারিসহ একাধিক মামলার আসামি হৃদয় মিয়াকে আটক করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, রোববার দুপুরে জেলরোড এলাকায় আমিন (৩৫) নামের এক ব্যক্তির সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে হৃদয় মিয়া ধারালো ব্লেড দিয়ে তার গালে আঘাত করে পালিয়ে যায়।
আটকের পর জিজ্ঞাসাবাদে সে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।
পরবর্তীতে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
