আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। সময়মতো পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করলেও কেন্দ্রের বাইরে দেখা গেছে অভিভাবকদের উদ্বিগ্ন উপস্থিতি।
সরেজমিনে সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল সাড়ে আটটার দিক থেকেই অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে কেন্দ্রে উপস্থিত হন। কেউ এসেছেন মা-বাবা, কেউ ভাই-বোন, আবার কেউ চাচা কিংবা অন্যান্য অভিভাবকদের সঙ্গে। পরীক্ষার্থীরা হলে ঢুকে যাওয়ার পরও তারা বাইরে অপেক্ষা করছেন। অনেকে দোয়ায় মগ্ন হয়েছেন, কেউ কেউ কেন্দ্রসংলগ্ন মসজিদে গিয়ে সন্তানের সফলতার জন্য প্রার্থনা করছেন।
একাধিক অভিভাবক জানান, সন্তানরা প্রস্তুতি নিয়ে কেন্দ্রে গেলেও প্রশ্নপত্র ফাঁসের গুজব ও সার্বিক পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ কাজ করছে। পাশাপাশি পাবলিক পরীক্ষা হওয়ায় সাধারণ টেনশনও কাজ করছে।
