মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় একটি আবাসিক হোটেল থেকে ফসিউল আলম (৭৭) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৭ এপ্রিল) রাতে এই ঘটনা ঘটে। নিহত ফসিউল আলম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা ছিলেন।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার এবং কুলাউড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইসহ অন্যান্যরা।
ওসি মো. গোলাম আপছার জানান, ফসিউল আলম নিয়মিতভাবে কুলাউড়ার স্টেশন রোডে অবস্থিত আজাদ বোর্ডিংয়ে ‘ব্যবসায়ী’ পরিচয়ে কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করতেন। তিনি ৯ এপ্রিল থেকে ওই হোটেলের একটি রুমে অবস্থান করছিলেন।
রোববার বিকেল থেকে রুমের ভেতর থেকে তার কোনো সাড়া-শব্দ না পাওয়ায় হোটেল কর্তৃপক্ষ সন্দেহবশত দরজা ভেঙে দেখে ফসিউল বিছানার নিচে অচেতন অবস্থায় পড়ে আছেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকের কারণে তার মৃত্যু হতে পারে। তবে সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষায় রয়েছে পুলিশ।
