সিলেট নগরীর কাষ্টঘর এলাকায় ডাকাতির পরিকল্পনার সময় দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
রোববার (১১ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ইবাদুল্লাহর নেতৃত্বে একটি টিম কাষ্টঘর সুইপার কলোনির বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে অভিযান চালায়। এ সময় ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে ৬ জনকে গ্রেফতার করে। তবে আরও ৭-৮ জন সদস্য পালিয়ে যায়।
গ্রেফতারকৃতরা হলেন—নাজিম উদ্দিন (২৭), কাউসার আহমদ (৩০), রাজু মিয়া (২১), শুভ আহমদ (২৬), স্বপন আহমদ (২৫) এবং সাগর মিয়া (৩০)। তারা সিলেটসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
অভিযানে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চারটি ধারালো চাকু, একটি রামদা ও একটি বড় ছুরি। পুলিশ জানিয়েছে, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন।
