সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ১৬৫ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করেছে। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা।
৬ মে মঙ্গলবার দুপুরে পিএসআই মো. মেহেদী আহমেদের নেতৃত্বে পুলিশ প্রথম অভিযান চালায় শাহপরাণ থানার বোরহানাবাদ এলাকার কুশিঘাটে। সেখানে হাজী জয়নাল আবেদীনের বাড়ির ভাড়াটিয়া শাহীন মিয়ার কক্ষে খাটের নিচ থেকে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অভিযানের আগে শাহীন পালিয়ে যায়।
এরপর গোপন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযান চালানো হয় সাদিপুর, নোয়াগাঁওয়ের ছায়েদ মিয়ার কলোনিতে। শাহীন মিয়ার বাবা আতর আলী ও মা দিলারা খাতুনের ভাড়াটিয়া বাসা থেকে একটি কালো লাগেজের ভেতর লুকানো ১১৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
এ ঘটনায় শাহীন মিয়ার মা দিলারা খাতুন (৪০) ও তার সহযোগী আফজল মিয়াকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় শাহপরাণ থানায় মামলা রুজু হয়েছে (এফআইআর নং-০৫, তারিখ: ৭ মে ২০২৫)।
পুলিশ জানায়, পলাতক আসামি শাহীন মিয়াকে ধরতে অভিযান চলছে।
