সিলেটের বিয়ানীবাজার উপজেলার এক বাসিন্দা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রায় ৬৯ বছর বয়সী ওই ব্যক্তি শহিদ শামসুদ্দিন আহমদ বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে তিন দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। তবে রিপোর্ট বিলম্ব হওয়ায় শনিবার (২৮ জুন) এই মৃত্যু নিশ্চিত করেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।
স্বাস্থ্য পরিচালক জানান, মৃত ব্যক্তি পূর্ব থেকেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন, যা করোনায় আক্রান্ত হওয়ার পর জটিলতা সৃষ্টি করে।
গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা নমুনা পরীক্ষা করায় নতুন কোনো সংক্রমণ শনাক্ত হয়নি। বর্তমানে বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ জন। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন, যাদের মধ্যে শহিদ শামসুদ্দিন হাসপাতালে ৩ জন, নর্থইস্ট মেডিকেল কলেজে ১ জন, রাগীব-রাবেয়া হাসপাতালে ১ জন, আল হারামাইন হাসপাতালে ১ জন এবং ইবনে সিনা হাসপাতালে ২ জন চিকিৎসাধীন।
অন্যদিকে ১২ জন রোগী তাদের নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। চলতি বছরে সিলেট বিভাগে মোট ২৯৮ জনের করোনা টেস্ট করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়ে বলেছে, এখনও আত্মতুষ্টির সুযোগ নেই এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
