মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আমন ধানের আবাদ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের খরিফ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৮৯০ জন কৃষকের হাতে উচ্চ ফলনশীল উফশি জাতের আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উন্নত জাতের নারিকেলের চারা দেওয়া হচ্ছে। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার এস এম রাশেদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, সিনিয়র মৎস্য কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা অফিসারসহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলার ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ কর্মসূচির মাধ্যমে উন্নত বীজ ও সার সরবরাহ করা হচ্ছে।
