সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাই পথে আনা ১৮টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা। জব্দকৃত গরু ও নৌকার মোট সিজার মূল্য আনুমানিক ২০ লাখ ৪০ হাজার টাকা।

শনিবার (২ আগস্ট) ভোররাতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বিরেন্দ্রনগর বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গরু আটক করে। বিজিবি জানায়, সীমান্ত পিলার ১১৯২/৩-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কচুয়াছড়া নামক স্থানে স্টিলবডি নৌকাটিতে করে গরুগুলো আনা হচ্ছিল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ও নৌকা রেখে পালিয়ে যায়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, “আটককৃত গরু ও নৌকা শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্তে চোরাচালান রোধে আমাদের অভিযান এবং গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।”

বিজিবি আরও জানায়, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো চোরাকারবারিকে আটক করা সম্ভব হয়নি, তবে তদন্ত চলছে।

স্থানীয়দের মতে, সীমান্ত এলাকায় চোরাচালান একটি দীর্ঘদিনের সমস্যা হলেও বিজিবির সক্রিয় তৎপরতায় সম্প্রতি এর প্রবণতা অনেকটাই কমে এসেছে।

By সুপ্রভাত সিলেট

সুপ্রভাত সিলেট (Suprobath Sylhet) একটি দৈনিক অনলাইন নিউজ পোর্টাল। সিলেটসহ সারাদেশের সর্বশেষ সংবাদ, স্থানীয় ঘটনা, জাতীয় খবর, রাজনীতি, শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন ও প্রযুক্তিবিষয়ক সংবাদ পাঠকদের কাছে দ্রুত ও নির্ভরযোগ্যভাবে পৌঁছে দেওয়াই এই সংবাদমাধ্যমের মূল লক্ষ্য। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থকে গুরুত্ব দিয়ে পাঠকদের তথ্যসমৃদ্ধ রাখার প্রত্যয়ে কাজ করে সুপ্রভাত সিলেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *